পুবের কলম ওয়েবডেস্ক :
রাজ্যের খারিজি মাদ্রাসা নিয়ে বর্তমান রাজ্য সরকারের সমীক্ষা ও পদক্ষেপের আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি পুরনো মন্তব্য নতুন করে চর্চায় নিয়ে এলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । ২০০২ সালে বুদ্ধদেববাবু সীমান্তবর্তী এলাকায় অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মঙ্গলবার নদিয়ার রানাঘাটে এই প্রসঙ্গ টেনে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুলে সরব হন এবং রাজ্য সরকারের পদক্ষেপকে সমর্থন করেন। এদিন তিনি বলেন ,মুসলিম ছেলেমেয়েরা অঙ্ক ,বিজ্ঞান ,ইংরেজি পড়ুক ,প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুক , মূলস্রোতে ফিরে আসুক।
শমীক ভট্টাচার্য খারিজি মাদ্রাসা নিয়ে তাঁর মতামত ও বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই খারিজি মাদ্রাসাগুলির বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, এই ধরনের মাদ্রাসাগুলিতে শিশুদের মধ্যে ছোট থেকেই ভারতবিরোধী শিক্ষা ও ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের পুরনো বক্তব্যকে সমর্থন করে বলেছেন, সেই সময় বুদ্ধদেববাবুর কথা শুনলে রাজ্যের পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। শমীক ভট্টাচার্য আরও জোর দিয়েছেন যে, সব জায়গায় একই ধরনের শিক্ষা ব্যবস্থা থাকা উচিত এবং দেশবিরোধী কোন কার্যকলাপ সহ্য করা হবে না।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী সম্প্রতি এ বিষয়ে বলেন, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্য যেটাকে নিজেই ভুল ব্যখ্যা করা হয়েছে বলেছিলেন, সেটাকে ঠিক বলে মেনে নিয়ে কোনও কথা বলার সুযোগ আমার নেই।
উল্লেখ্য ,বর্তমান সরকার এবার বিশেষ নজর দিয়েছে খারিজি মাদ্রাসায়। ১২ জেলার খারিজি মাদ্রাসায় পরিদর্শনের জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা।