২০২০ সালের দিল্লি সাম্প্রদায়িক হিংসার সময় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র কর্মকর্তা অঙ্কিত শর্মা হত্যা মামলায় আম আদমি পার্টির (আপ) প্রাক্তন কাউন্সিলার তাহির হুসেনকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির কারকারদুমা আদালত। সোমবার ঘোষিত রায়ে আদালত জানিয়েছে, তাহির হুসেনের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, দাঙ্গায় অংশগ্রহণ, হামলা এবং হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে তাঁর সাজা এখনও ঘোষণা করা হয়নি।
এই মামলায় মোট ১১ জন অভিযুক্ত ছিলেন। আদালত তাঁদের মধ্যে ছয় জনকে বেকসুর খালাস দিয়েছে।
রায় ঘোষণার পর নিহত আইবি আধিকারিক অঙ্কিত শর্মার ভাই অঙ্কুর শর্মা দোষীদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানান। অন্যদিকে, আম আদমি পার্টি জানিয়েছে, তাহির হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল এবং এরপর থেকে তাঁর সঙ্গে দলের কোনও সাংগঠনিক সম্পর্ক নেই।
দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলছা বলেন, তদন্তকারী দল নিরপেক্ষভাবে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করেছে এবং আদালতের রায় সেই তদন্তেরই প্রতিফলন।