মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর দেওয়া ৬০ দিনের বিশেষ ছাড়পত্র বাতিল করলেও দেশের অপরিশোধিত তেল রপ্তানি স্বাভাবিকভাবেই চলছে বলে দাবি করেছেন ইরানের জ্বালানি মন্ত্রী মহসেন পাকনেজাদ।
মঙ্গলবার নিজের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে পাকনেজাদ বলেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানিতে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই সম্ভাব্য নিষেধাজ্ঞা মোকাবিলায় বিকল্প কৌশল ও শক্তিশালী অবকাঠামো গড়ে তুলেছে ইরানের তেল মন্ত্রণালয়। ফলে মার্কিন সিদ্ধান্তের পরও রপ্তানি কার্যক্রম আগের মতোই অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
ইরানি মন্ত্রী অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং ৬০ দিনের ছাড়সংক্রান্ত সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে। তবে এসব পদক্ষেপের পরও তেল বিক্রি ও রপ্তানি নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা কার্যকর রয়েছে বলে তিনি জানান।
সম্প্রতি হরমুজ প্রণালীতে একাধিক বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এরই জেরে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের তেল বিক্রির জন্য দেওয়া বিশেষ আইনি ছাড় প্রত্যাহার করে।
আরও পড়ুন:
তবে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপ সত্ত্বেও তাদের তেল রপ্তানি কার্যক্রমে কোনো সংকট তৈরি হয়নি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি আগের নিয়মেই অব্যাহত রয়েছে।