পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার গভীর রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২৭ জন। এই ঘটনায় আরও ৬৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
সূত্রের খবর, রবিবার রাত ১১টা ৫৭ মিনিট নাগাদ উত্তর ব্যাংককের ‘না লাডপ্রাও’ নামের ওই পাবে আগুন লাগে। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু তার আগেই ঘটে যায় চরম বিপত্তি। আগুন এবং চারপাশের ঘন ধোঁয়া থেকে প্রাণ বাঁচাতে বহু মানুষ পাবের পিছন দিকের শৌচালয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধারকারীদের মতে, সেখান থেকেই অধিকাংশ মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং মূলতঃ ধোঁয়ায় দমবন্ধ হয়েই এত মানুষের মৃত্যু হয়েছে।আরও পড়ুন:
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিট্টিপুন্ট সংবাদমাধ্যমকে জানান, আগুন অত্যন্ত দ্রুতগতিতে পাবের সিলিংয়ে ছড়িয়ে পড়েছিল।
ফলে ভিতরে থাকা মানুষজন বাইরে বেরোনোর পর্যাপ্ত সময়টুকুও পাননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতেও দেখা গিয়েছে যে, দাউদাউ করে জ্বলতে থাকা পাব থেকে মানুষজন বাঁচার তাগিদে ছুটে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সুরিন জয়াহার্ন নামের এক প্রত্যক্ষদর্শী ট্যাক্সিচালক জানান, তিনি নিজে অন্তত পাঁচজনকে ওই জ্বলন্ত পাব থেকে উদ্ধার করতে সাহায্য করেছেন।আরও পড়ুন:
ইতিমধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সে দেশের প্রশাসন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পানশালাটিতে মোট দু'টি জরুরি নির্গমন পথ ছিল, যার মধ্যে একটি রান্নাঘরের পাশ দিয়ে গিয়েছে। এই পথগুলি আদৌ কতটা সুরক্ষিত ছিল এবং ওই পাবটির কাছে বৈধ সরকারি ছাড়পত্র ছিল কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।