পুবের কলম ওয়েব ডেস্কঃ শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে তপসিয়ার জিজে খান রোডের একটি বহুতলে। এছাড়াও আরও তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের শরীরের অনেকটাই অংশ পুড়ে গিয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা জচ্ছে। ঘটনার খবর পেয়েই সেখানে তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।
আরও পড়ুন:
দমকল ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন আগুন লাগার পরেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডে। সেখানে চারতলা বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। প্রথমে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ওই বাড়ি থেকে। এরপর দ্রুত আগুনহ ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চলে আসে বিল্ডিংটি। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
এদিকে, সেখান থেকে ধোঁয়া বের হতেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সঙ্গেসঙ্গে তাঁরা দমকলে খবর দেন। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বাইরে বেড়িয়ে আসেন। আশেপাশের বাড়ির বাসিন্দারাও আতঙ্কে বাইরে বেড়িয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। জানা গিয়েছে, আগুনের জেরে ওই বিন্ডিংয়ে ৫ জন আটকে পড়েন। স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, তাঁরা সকলেই ঘরের বাথরুমে লুকিয়ে পড়েছিলেন। তবে তীব্র ধোঁয়ায় দমবন্ধ হয়ে যায় তাঁদের। এদিকে, তড়িঘড়ি সেখানে পৌঁছে দমকলের কর্মীরা তাঁদের উদ্ধার করে। তাঁদের ভর্তি করা হয় ন্যশ্নাল মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। যদিও কীভাবে আগুন লেগেছে? সে বিষয়টি এখনও স্পষ্ট নয় দমকলের কাছে। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে।