পুবের কলম ওয়েব ডেস্ক: পুরীতে রথযাত্রা উপলক্ষে সমবেত বহু মানুষের ভিড়ে ঘটল মর্মান্তিক বিপত্তি। বৃহস্পতিবার ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এক পুণ্যার্থী। এই ঘটনায় আরও অন্তত ১২০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রশাসনের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, রথযাত্রার পুণ্য তিথিতে বৃহস্পতিবার সকাল থেকেই পুরীর মন্দির চত্বরে জায়গা ছিল না। রথের রশিতে টান দেওয়ার সময় ভক্তদের মধ্যে প্রবল হুড়োহুড়ি শুরু হয়। তার জেরে অনেকেই একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়েন। এই চরম ঠেলাঠেলি এবং ভিড়ের মারাত্মক চাপের কারণেই বহু মানুষ কার্যত পিষে যান।

পাশাপাশি, তীব্র গরমের কারণে অনেকেই ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন।

ওড়িশার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া পুণ্যার্থীদের বেশিরভাগই ভিড়ের চাপ, শ্বাসকষ্ট এবং ডিহাইড্রেশনের শিকার হয়েছেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুল্যান্সের সাহায্যে তাঁদের পুরীর জেলা হাসপাতাল-সহ সংলগ্ন বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করেন। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, বহু আহত পুণ্যার্থী এখনও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।