পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়া নিয়ে রাজ্যজুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে। ইসকনের দেওয়া খাবারের মেনু নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিতর্কের মাঝেই, শুধু কলকাতা নয়, প্রথমে নদিয়া এবং পরবর্তীতে গোটা রাজ্যেই মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। কেন বারবার প্রশ্নের মুখে পড়ার পরেও ইসকনকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে, তা নিয়ে বৃহস্পতিবার কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরের রথযাত্রার অনুষ্ঠানে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানান যে, ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের মতো মানবসেবায় যুক্ত সংগঠনগুলিকে সঙ্গে নিয়েই সরকার বাংলার নবনির্মাণ করতে চায়। সমাজের সার্বিক উন্নয়নে এই প্রতিষ্ঠানগুলির ভূমিকার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, সরকারি স্কুলগুলিতে মূলত মধ্যবিত্ত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তাদের অপুষ্টি দূর করতে একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর আহারের অত্যন্ত প্রয়োজন রয়েছে।

আর সেই পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।

এই প্রসঙ্গেই পূর্বতন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন যে, গত কয়েক বছরে মিড ডে মিল প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিশুদের খাবার নিয়ে এই ধরনের অনিয়ম ও দুর্নীতিকে তিনি 'পাপ'-এর সঙ্গে তুলনা করেছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী দিনে ইসকন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করবে এবং রাজ্যের শিশুদের কাছে উন্নতমানের ও শুদ্ধ খাবার পৌঁছে দেবে।