পুবের কলম, ওয়েবডেস্ক: হরমুজ প্রণালীর মতো অত্যন্ত সংবেদনশীল আন্তর্জাতিক জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ক্ষুব্ধ নয়াদিল্লি। এই হামলায় এক ভারতীয় ক্রু সদস্য নিহত এবং অপর ছয় ভারতীয় নাবিক গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওমান সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে একের পর এক তেলবাহী ট্যাঙ্কারে ইরানের এই হামলার বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে চরম অসন্তোষ ও কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোর দিয়ে যাওয়ার সময় 'মোম্বাসা' এবং 'আল বাহিয়া' নামের দুটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শান্তিকালীন সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশএই প্রণালী দিয়েই পরিবাহিত হয়ে থাকে। এই হামলায় 'মোম্বাসা' জাহাজে কর্মরত এক ভারতীয় ক্রু সদস্য ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত আটজন ক্রু সদস্যের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে ছয়জনই ভারতীয় এবং বাকি দুজন ইউক্রেনের নাগরিক।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি ট্যাঙ্কারেই আকস্মিক আগুন ধরে যায় এবং ব্যাপক বস্তুগত ক্ষতি সাধন হয়। তবে দীর্ঘ প্রচেষ্টার পর জাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ইউএই প্রতিরক্ষা মন্ত্রক এই হামলাকে আন্তর্জাতিক আইনের এক "গুরুতর লঙ্ঘন" বলে আখ্যায়িত করেছে। তাদের দাবি, এই ধরণের উসকানিমূলক হামলা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।