পুবের কলম ওয়েব ডেস্ক: বিএসএফ ক্যাম্পে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত্যু হল এক জওয়ানের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়নের একটি ক্যাম্পে। মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিংহ। তিনি বিএসএফে সহকারী উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ক্যাম্পের ভিতরে জ্বালানি সংরক্ষণের ঘরে ঢুকেছিলেন জ্যোতিরাম। সেখানেই আচমকা আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তিনি ঘর থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি। ফলে ভিতরেই আটকে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন তিনি।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, জ্বালানি রাখার ঘর থেকে স্পিডবোটে তেল ভরার সময় হঠাৎ আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় জ্যোতিরাম আর বাইরে বেরোতে পারেননি। আশপাশের লোকজন উদ্ধার করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। বিএসএফ জওয়ান, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মিলে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রথমদিকে তা নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর গুরুতর আহত অবস্থায় জ্যোতিরাম সিংহকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ দাস জানান, বিএসএফ ক্যাম্পে আগুন লাগার ঘটনায় এক সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিংহ।