পুবের কলম ওয়েব ডেস্কঃ আসামের সোনিতপুর জেলায় গবাদি পশু চুরির সন্দেহে দুই মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও একজন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার আসাম-অরুণাচল সীমান্তের কাছাকাছি ভালুকপুং এলাকার এক দুর্গম বনাঞ্চলে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, তিনজন ব্যক্তি একটি ছোট পণ্যবাহী গাড়িতে তিনটি গরু নিয়ে যাচ্ছিলেন।
সেই সময় স্থানীয় কয়েকজন গ্রামবাসী তাদের আটকায়। গবাদি পশু চুরির অভিযোগ তুলে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর একদল লোক তাদের উপর হামলা চালায়। অভিযোগ, বেধড়ক মারধরের ফলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তৃতীয় ব্যক্তি গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
জেলার পুলিশ সুপার জানিয়েছেন, নিহত দু’জনই মরিগাঁও জেলার বাসিন্দা। তাঁদের পরিচয় সম্পূর্ণভাবে নিশ্চিত করার কাজ চলছে।
ঘটনার পর হত্যা মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনাস্থলটি জঙ্গলে ঘেরা ও জনবিরল হওয়ায় তদন্তে বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেখানে নজরদারির কোনও ব্যবস্থা না থাকায় ঘটনার সরাসরি প্রমাণ সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। কারা এই হামলায় জড়িত ছিল, তা জানতে পুলিশ আহত ব্যক্তির সঙ্গে কথা বলছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার পর গাড়িটি এবং গরুগুলো পুলিশ উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।