পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের বন্যা পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক রূপ নিয়েছে। শুক্রবার অসমের ডিসাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম-এর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যের ১১টি জেলায় ৭ লাখ ২১ হাজারের বেশি মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। গত ২৪ ঘণ্টায় বন্যায় ভেসে ও ডুবে মারা গিয়েছেন ৬ জন। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যের প্রায় ৯০০টি গ্রাম এখন জলের তলায়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর জেলা।

সেখানে ৩,৯২,১৯৫ জন মানুষ চরম দুর্ভোগের শিকার। এছাড়া চরাইদেও জেলায় ১,১০,৭৫৫ জন, যোরহাটে ৯৭,৬৯০ জন এবং ডিব্রুগড়ে ১৩,৩৯০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব মিলিয়ে রাজ্যে প্রায় ২৪,৮৯৭.২৭ হেক্টর ফসলি জমি জলের নিচে তলিয়ে গেছে।

যে ১১টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি হলো- শিবসাগর, চরাইদেও, যোরহাট, ডিব্রুগড়, কার্বি আংলং, গোলাঘাট, কামরূপ, কামরূপ, নগাঁও, ধেমাঝি ও হোজাই। রাজ্যের নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়ছে।

বুলেটিন অনুযায়ী, ৫টি প্রধান নদী একাধিক পয়েন্টে জল বিপৎসীমার উপর দিয়ে বইছে।

বন্যার কবলে পড়ে সাধারণ মানুষের পাশাপাশি চরম সংকটে পড়েছে গবাদি পশুও। তথ্য অনুযায়ী, প্রায় ১,৩৮,৯৬৫টি গবাদি পশু বন্যার দ্বারা প্রভাবিত হয়েছে। ৫৪টি গবাদি পশু এবং ৫০০টি হাঁস-মুরগি সহ মোট ৫৪০টি প্রাণী বানের জলে ভেসে গেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে। দুর্গম ও বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলিতে ত্রাণ পৌঁছাতে এবং আটকে পড়া মানুষদের তুলে আনতে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। নিখোঁজ ও জলবন্দিদের উদ্ধারে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।