পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সংক্রান্ত সমস্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হল বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার কলকাতা হাই কোর্টে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানির সময় এই আইনজীবী বদলের বিষয়টি প্রকাশ্যে আসে। গত কয়েক বছর ধরে এসএসসি-র হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই এই আইনজীবী পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার থেকে কলকাতা হাই কোর্টে এসএসসি-র হয়ে নতুন আইনজীবীরা সওয়াল করছেন।
তবে তাঁকে মামলা থেকে ‘অপসারণ’ করা হয়েছে, এই দাবি মানতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর গত ৪ মে থেকেই তিনি রাজ্য সরকার এবং এসএসসি-র সমস্ত মামলা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। যেহেতু তিনি নিজেই সরে গিয়েছেন, তাই তাঁকে নতুন করে অপসারণ করার কোনও প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন তিনি।
কমিশন সূত্রে জানা গিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এখন থেকে এসএসসি-র হয়ে সওয়াল করবেন বর্ষীয়ান আইনজীবী ইন্দ্রনীল রায়। তাঁর সঙ্গে জুনিয়র আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত থাকবেন সুনীত রায়। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এসএসসি সংক্রান্ত মামলার শুনানিতে তাঁদেরই সওয়াল করতে দেখা গিয়েছে।
চলতি মাসেই এসএসসি-র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালা। বিধানসভা নির্বাচনের আগে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে মনোজ অগ্রবালকে সেই পদে আনা হয় এবং দুষ্যন্ত নারিয়ালাকে দিল্লির রেসিডেন্ট কমিশনার পদে নিয়োগ করা হয়। বর্তমানে সেই দায়িত্বের পাশাপাশি তিনি এসএসসি-র চেয়ারম্যানের গুরুদায়িত্বও সামলাচ্ছেন। মূলত তাঁর নির্দেশেই কমিশনে এই আইনজীবী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।