পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ টানাপোড়েনের পর নিট কাণ্ডে ককরোচ জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলেও অচলাবস্থা কাটল না। বৃহস্পতিবার দিল্লির ভিপি হাউসে প্রায় দু'ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি অনড় থাকলেও, এই বিষয়ে সরকার পক্ষ এখনও কোনও স্পষ্ট সিদ্ধান্ত জানাতে পারেনি। সিজেপি-র দাবি, শিক্ষামন্ত্রীর ইস্তফার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র আরও এক দিন সময় চেয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের হয়ে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অন্যদিকে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিত্ব করেন দলের মুখ্য মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। সূত্রের খবর, নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্র এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে, তা বৈঠকে আন্দোলনকারীদের বিস্তারিতভাবে জানানো হয়। পাশাপাশি, নিট কাণ্ডে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং বিক্ষোভরত পড়ুয়াদের বিরুদ্ধে রুজু হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের মতো দাবিগুলি সরকার মেনে নিয়েছে বলে জানা গিয়েছে।

বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে সহমত হলেও মূল সংঘাত বেঁধে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই। বৈঠক শেষে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা জানান, কেন্দ্র তাঁদের বেশ কয়েকটি দাবির সঙ্গে নৈতিকভাবে একমত হলেও, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে তারা আরও কিছুটা সময় চেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার কথাতেও একই সুর শোনা গিয়েছে। তবে ককরোচ জনতা পার্টির তরফ থেকে সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, আগামী দু-এক দিনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে এই আন্দোলন প্রত্যাহার তো হবেই না, বরং তা দেশজুড়ে আরও বৃহত্তর আকার ধারণ করবে। এখন সকলের নজর শনিবারের দিকে, ওই দিনই স্থির হতে পারে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকবেন কি না।