পুবের কলম ওয়েব ডেস্ক: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোখে আইন আরও কঠোর করার পথে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাতে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করার বিষয়ে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর, শুক্রবার 'পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪' সংশোধনী বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

চলতি বাদল অধিবেশনেই, বিশেষ করে আগামী সোমবার এই সংশোধনী বিলটি সংসদে পেশ হতে পারে। বর্তমানে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই এনডিএ শিবিরের পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটি পাশ করানো সরকারের জন্য খুব একটা কঠিন হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নতুন এই সংশোধনী বিলে অপরাধীদের জন্য অত্যন্ত কড়া শাস্তির বিধান রাখা হয়েছে।

বিলে নির্দিষ্ট করে বলা হয়েছে, প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িত ব্যক্তির তিন থেকে পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, পরীক্ষা পরিচালনাকারী কোনও সংস্থা যদি এই অপরাধে দোষী সাব্যস্ত হয়, তবে সংস্থার দায়ী আধিকারিকদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর জরিমানা হিসেবে ১ কোটি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ধার্য করার আইনি সংস্থান রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ মে আয়োজিত সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পরপরই প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসে। পরিস্থিতির চাপে এনটিএ পরীক্ষা বাতিল ঘোষণা করলে ক্ষোভে ভেঙে পড়েন পরীক্ষার্থীরা এবং একাধিক শিক্ষার্থী হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ওঠে সর্বত্র।