পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, দেশজুড়ে প্রশ্নফাঁস রুখতে এবার অত্যন্ত কড়া আইনি পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, 'পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট, ২০২৪'-এ সংশোধন এনে দোষীদের কড়া শাস্তির বিধান আনা হচ্ছে।
আরও পড়ুন:
নতুন সংশোধনীতে প্রস্তাব রাখা হচ্ছে যে, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা কোনো সংস্থা দোষী সাব্যস্ত হলে, ওই প্রতিষ্ঠানের আধিকারিকদের পাঁচ থেকে দশ বছরের জেল এবং এক কোটি টাকা পর্যন্ত বিপুল জরিমানার মুখে পড়তে হতে পারে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনীটি পাশ করানো হতে পারে।
এরপর তা অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে।আরও পড়ুন:
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানান, দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। প্রশ্নফাঁস কোনো সাধারণ বা তুচ্ছ ঘটনা নয়, বরং লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের পরিবারের জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক বিষয়। তিনি জানান, গত আড়াই মাসে সরকার এই বিষয়ে একাধিক আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং অনেক দোষীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাকেই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।