পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের ১২টি জেলার মাদ্রাসাগুলির পরিকাঠামো এবং পঠনপাঠনের মান খতিয়ে দেখতে নজরদারির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। এর জন্য ইতিমধ্যেই ১৮ জন শীর্ষ আধিকারিককে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে এই পরিদর্শনের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। পরিদর্শন শেষে আগামী ২১ জুলাইয়ের মধ্যে কমিটিকে তাদের বিস্তারিত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
ওই রিপোর্টের তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে নিয়ে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে খবর।আরও পড়ুন:
সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের যে ১২টি জেলায় এই নজরদারি চালানো হবে সেগুলি হল- কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই নির্দিষ্ট জেলাগুলিতে অবস্থিত স্বীকৃত এবং অনুমোদনহীন, উভয় ধরনের অনুদানবিহীন মাদ্রাসাগুলিতেই এই পরিদর্শন প্রক্রিয়া চলবে। পরিদর্শকের দায়িত্বে থাকবেন মাদ্রাসা শিক্ষা দপ্তর, সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন:
আধিকারিকদের এই বিশেষ দলটি মূলত ছাত্রছাত্রীদের শিক্ষার মান, সিলেবাস, মাদ্রাসার ভবনের বর্তমান অবস্থা, পরিকাঠামোগত সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দিকগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। এরপর সংগৃহীত সমস্ত তথ্য একত্রিত করে দপ্তরে রিপোর্ট জমা দেওয়া হবে।
আরও পড়ুন:
এই নির্দেশিকাটি যাতে সর্বস্তরে সফলভাবে বাস্তবায়িত হয়, তার জন্য সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সহযোগিতার নির্দেশ দিয়েছে রাজ্য। পরিদর্শক দলটিকে সার্বিক সহায়তা করার জন্য জেলাশাসকদের একজন করে বিশেষ আধিকারিক নিয়োগ করতে বলা হয়েছে।