পুবের কলম ওয়েব ডেস্ক: কালীঘাট তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রকাশ্যে 'সুদ-সহ হিসেব' নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি এবার নতুন করে আইনি গেরোয় জড়ালেন। রাজীব সরকার নামের এক ব্যক্তি বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই বিতর্কিত মন্তব্যের ভিডিওটি খতিয়ে দেখে ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ।
এই আইনি জটিলতার সূত্রপাত কয়েকদিন আগের একটি ঘটনাকে কেন্দ্র করে।
আরও পড়ুন:
বেআইনি নির্মাণের অভিযোগ তুলে আমতলায় অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বুলডোজার চালানো হয়। এই ঘটনার দিনই সংবাদমাধ্যমের সামনে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। তিনি দাবি করেন, ভবনটি নির্মাণের জন্য প্রয়োজনীয় নকশা এবং বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র ক্ষমতার আস্ফালন দেখাতেই এই পদক্ষেপ করা হয়েছে। এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, প্রত্যেকটি কাজেরই একটি প্রতিক্রিয়া থাকে। বেঁচে থাকলে আগামী ২০৩১ সালে তিনি এই সমস্ত কিছুর সুদ-সহ জবাব দেবেন।
তাঁর এই বক্তব্যকে প্রচ্ছন্ন হুমকি হিসেবে দাবি করেই সাইবার থানায় নয়া এফআইআরটি দায়ের করা হয়েছে।আরও পড়ুন:
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক মামলায় রীতিমতো জর্জরিত অভিষেক। আগে থেকেই তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি এবং কয়লা ও বালি পাচারের মতো গুরুতর অভিযোগ ছিল। পরবর্তীকালে সেবাশ্রয় দুর্নীতি, সই জাল মামলা এবং ডিজে মন্তব্য-সহ একাধিক নতুন মামলায় তাঁর নাম জড়িয়েছে। সিআইডি থেকে শুরু করে রাজ্য পুলিশের লাগাতার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হচ্ছে তাঁকে। রাজ্যের বিভিন্ন থানায় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ জমা রয়েছে, আর সেই দীর্ঘ তালিকাতেই এবার যুক্ত হল বিধাননগর কমিশনারেটের এই নতুন মামলাটি।