পুবের কলম ওয়েব ডেস্ক: নিট দুর্নীতি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিশিষ্ট পরিবেশকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক হাসপাতালের বিছানা থেকেই দেশবাসীর উদ্দেশ্যে নতুন বার্তা দিলেন। বুধবার অনশনের ২৫তম দিনে একটি তিন মিনিটের ভিডিও বার্তায় তিনি জানান যে, তিনি এখনও বেঁচে আছেন।
আরও পড়ুন:
টানা অনশনের ফলে ইতিমধ্যেই তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে গিয়েছে এবং শারীরিক শক্তি ও পেশীর ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তা সত্ত্বেও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড়। সম্প্রতি অনুষ্ঠিত সংসদ অভিযানে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশংসায় ভরিয়ে দিয়ে সোনম জানান, পুলিশের কঠোর লাঠিচার্জের মুখেও পড়ুয়ারা যেভাবে পালটা হিংসায় না গিয়ে চরম সংযম প্রদর্শন করেছেন, তা তাঁর মনে গভীর আলোড়ন সৃষ্টি করেছে এবং অনশন চালিয়ে যাওয়ার সংকল্পকে আরও সুদৃঢ় করেছে।
আরও পড়ুন:
অন্যদিকে, দেশজুড়ে চলা নিট বিতর্কের আবহে সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের শিকার হয়ে ইনস্টাগ্রাম ছাড়লেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কন্যা নৈমিষা প্রধান। উল্লেখ্য, ২০২৩ সালে তিনি আমেরিকার টাফটস বিশ্ববিদ্যালয়ের ‘দ্য ফ্লেচার স্কুল’ থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ‘ইন্দো-আমেরিকান স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম’-এ সিনিয়র আধিকারিক হিসেবে যোগ দেন। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক ক্ষোভের মাঝে নৈমিষার এই আন্তর্জাতিক ডিগ্রির বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই নানা বিতর্ক শুরু হয়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, দেশের শিক্ষামন্ত্রীর সন্তানই যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন, তবে তা ভারতের নিজস্ব শিক্ষাব্যবস্থার প্রতি অনাস্থাকেই প্রকাশ করে। এই বিষয়ে ক্রমাগত কুরুচিকর মন্তব্য ও কটাক্ষের মুখে পড়ে অবশেষে বুধবার ইনস্টাগ্রাম ত্যাগ করার সিদ্ধান্ত নেন নৈমিষা।