পুবের কলম ওয়েব ডেস্ক: টানা ১৯ দিনের অনশন। শরীর ক্রমশ দুর্বল হলেও কঠিন মনোবল নিয়ে যন্তর মন্তরে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। নিট পরীক্ষায় বেনজির কারচুপি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁর এই প্রতিবাদ। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিয়ো বার্তা প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হলেও এখনই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়ছেন না। দেশবাসীর কাছে তাঁর স্পষ্ট বার্তা, তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ না করে আগামী ২০ জুলাইয়ের প্রস্তাবিত সংসদ অভিযানে যেন সকলে স্বতঃস্ফূর্তভাবে শামিল হন।
ককরোচ জনতা পার্টির ডাকে গত ২০ জুন যন্তর মন্তরে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এবং তার ঠিক সাত দিন পর সেই মঞ্চে অনশনে বসেন ৫৯ বছর বয়সি ওয়াংচুক। আগামী ২০ জুলাই, সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। ঠিক সেই দিনেই নিট-কাণ্ডের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, ওয়াংচুকের শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্দোলনকারী দল। বুধবার সিজেপি-র তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, তাঁর শরীর অত্যন্ত দুর্বল।
অনশনে বসার আগে তাঁর ওজন ছিল ৬৬ কেজি, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৫৭.১৫ কেজিতে। মাত্র এক দিনেই তাঁর ওজন ৪০০ গ্রাম হ্রাস পেয়েছে। বুধবার তাঁর রক্তচাপ রেকর্ড করা হয়েছে ১০৫/৭৬, রক্তে শর্করার মাত্রা ৮০ মিলিগ্রাম এবং অক্সিজেনের পরিমাণ ৯৭ শতাংশ। এই চরম পরিস্থিতির মধ্যেও দিল্লির তীব্র দাবদাহ উপেক্ষা করে ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁকে সমর্থন জানাতে যন্তর মন্তরে ভিড় জমাচ্ছেন। নিট বিতর্কে আত্মঘাতী দেরাদুনের ছাত্রী রিয়া কুমারী থাপার অভিভাবকরাও সম্প্রতি ফোনে ওয়াংচুকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।