পুবের কলম ওয়েব ডেস্ক: টানা দশ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। হাসপাতাল থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে নিজের শারীরিক উন্নতির কথা জানিয়েছেন। আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন এবং শরীরে বল ফিরে পাওয়ায় ধীরে ধীরে খাবারের পরিমাণও বাড়াচ্ছেন বলে জানান তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে তিনি দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপর সেখান থেকে নিজের বাড়ি লাদাখের উদ্দেশে রওনা দেবেন।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন এই সমাজকর্মী।

অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৮ জুলাই পুলিশ তাঁকে জোরপূর্বক দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে। পরে আদালতের নির্দেশে তাঁকে গুরুগ্রামের ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও তিনি তাঁর অনশন চালিয়ে যাচ্ছিলেন।

অবশেষে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি তাঁর ২৬ দিনের অনশন প্রত্যাহার করে নেন। শুক্রবার একটি ভিডিও বার্তায় ওয়াংচুক জানান যে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মূলত তিনটি লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি অনশন ভঙ্গের সিদ্ধান্ত নেন।