মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এদিন মহানায়কের আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচনও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম কুমারের পরিবারের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা।

এ বছর মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির আয়োজনের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, কর্মসূচির আগে নন্দন বা রবীন্দ্র সদনে একটি কমিটি গঠন করে বৈঠক করা হবে। চার দিনের অনুষ্ঠানে উত্তম কুমারের জীবন, অভিনয়জীবন, বাংলা সিনেমায় তাঁর অবদান এবং উত্তরাধিকারকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে।

মুখ্যমন্ত্রী জানান, মহানায়কের স্মৃতিকে ঘিরে রাজ্য সরকারের প্রতিটি উদ্যোগ তাঁর পরিবারের মতামত ও সম্মতির ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে। কেওড়াতলায় আবক্ষ মূর্তি স্থাপনও সেই প্রক্রিয়ার অংশ।

এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, উত্তম কুমারের নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার এবং গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ, গবেষণা ও চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাশাপাশি, উত্তম মঞ্চের সংস্কার ও আধুনিকীকরণের কাজও শিগগিরই শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী ভবানীপুরে মহানায়ক উত্তম কুমারের বাসভবনেও যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।