পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে নিট দুর্নীতির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলনের আঁচ এবার এসে পড়ছে শহর কলকাতাতেও। রাজধানীতে ছাত্র-যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত হয়ে আগামী শুক্রবার খাস কলকাতায় একটি মহামিছিলের ডাক দিয়েছে এই সংগঠন। ইতিমধ্যেই এই কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা পুলিশের সদর দপ্তরে ইমেল মারফত আবেদন জানানো হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত ১৯ ও ২১ জুলাই সিজেপি-র সদস্য পরিচয় দিয়ে দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামের এক ব্যক্তি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন)-কে ওই ইমেল পাঠিয়েছেন।

প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে রানি রাসমণি রোড পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা রয়েছে। জমায়েতে প্রায় দেড় হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনার কথাও ইমেলে উল্লেখ করা হয়েছে। 

পুলিশ এই আবেদন পাওয়ার কথা স্বীকার করলেও এখনও পর্যন্ত মিছিলের কোনও আনুষ্ঠানিক অনুমতি দেয়নি। সিজেপি নেতা দেদীপ্য জানিয়েছেন, পুলিশের অনুমতি না মিললে পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনও সংগঠনের অন্দরে স্থির হয়নি।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য পুলিশ আগাম বন্দোবস্ত করে রাখছে। সংগঠনের পক্ষ থেকে শহরের সমস্ত ছাত্র ও যুব সমাজকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও, শিক্ষা বা অন্য কোনও দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের এই জমায়েত থেকে দূরে থাকার কড়া বার্তা দেওয়া হয়েছে।

শুধু কলকাতা নয়, গত কয়েকদিনে দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়েছে সিজেপি-র এই আন্দোলনের রেশ। পুলিশি অনুমতি ছাড়াই মুম্বইয়ের শিবাজি পার্ক, চেম্বুর, শিবসেনা ভবনের মতো এলাকায় এবং চেন্নাইয়ের টি নগর অঞ্চলে প্রচুর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমেছেন।