পুলিশের অনুমতি না পাওয়ায় শুক্রবার কলকাতায় নির্ধারিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ছাত্র মিছিল বাতিল করা হয়েছে। তবে আন্দোলন থেকে সরে না এসে সংগঠনের সদস্যরা এসএফআইয়ের ডাকা ছাত্র বিক্ষোভে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর দি টেলিগ্রাফের।

গত কয়েক দিনে দিল্লিতে শুরু হওয়া সিজেপি-র ছাত্র আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

পশ্চিমবঙ্গেও সেই আন্দোলনের অংশ হিসেবে ‘সিজেপি কলকাতা স্টুডেন্টস ইনিশিয়েটিভ’ নামে একটি সংগঠন ২৪ জুলাই বিকেল ৪টায় কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল। কিন্তু অনুমতি না মেলায় কর্মসূচি বাতিল করতে হয়।

এই উদ্যোগের অন্যতম সংগঠক, ২৬ বছর বয়সি স্নাতকোত্তর ছাত্র দেদীপ্য গঙ্গোপাধ্যায় জানান, তাঁদের সংগঠন স্বাধীনভাবে এই কর্মসূচির ডাক দিয়েছিল। তিনি বলেন, পুলিশের অনুমতি না পাওয়ায় মিছিল করা সম্ভব হয়নি।

সংগঠনের পক্ষ থেকে চারটি প্রধান দাবি তোলা হয়েছিল— লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য ন্যায়বিচার এবং এনটিএ-কে নিষিদ্ধ করে প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত।
আয়োজকদের দাবি ছিল, অনুমতি মিললে প্রায় দেড় হাজার মানুষ এই মিছিলে অংশ নিতেন। তাঁরা আরও জানিয়েছিলেন, কোনও রাজনৈতিক দলের পতাকা নিয়ে অংশগ্রহণের অনুমতি থাকবে না। ছাত্রদের স্বার্থে যে কেউ সংহতি জানাতে পারেন, তবে শিক্ষাক্ষেত্রের দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই কর্মসূচি থেকে দূরে থাকার আহ্বানও জানানো হয়।
পুলিশি অনুমতি না মেলায় নির্ধারিত মিছিল বাতিল হলেও, আন্দোলনের সমর্থকেরা জানিয়েছেন যে তাঁরা এসএফআইয়ের ডাকা ছাত্র বিক্ষোভে যোগ দিয়ে নিজেদের দাবি ও প্রতিবাদ অব্যাহত রাখবেন। সূত্র: দি টেলিগ্রাফ