পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মামলা রুজু হচ্ছে। সম্প্রতি ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর-সহ রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে নতুন করে আরও ৮টি এফআইআর দায়ের করা হয়েছে। এই সমস্ত মামলায় একযোগে আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার শুনানি চলাকালীন তাঁর সেই আর্জি মৌখিকভাবে খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাগুলিকে একত্রিত করে এভাবে সার্বিক রক্ষাকবচ দেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়।

আদালতে শুনানিতে অভিষেকের পক্ষে সওয়াল করে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই তাঁর মক্কেলের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আনা হচ্ছে। সওয়াল চলাকালীন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে ধরে জানান, অতীতে অনুরূপ পরিস্থিতিতে শুভেন্দুকেও আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছিল। যদিও রাজ্য সরকারের আইনজীবী পালটা যুক্তি দেন যে, সেটি ছিল একটি অন্তর্বর্তী নির্দেশ। দু'পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি জানান, শুভেন্দু অধিকারীর উদাহরণ এই মামলায় প্রযোজ্য নয় এবং সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও আগাম নির্দেশ দেবে না।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই গুরুত্বপর্ণ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩০ জুলাই। তবে পরবর্তী শুনানির দিন ধার্য করার পাশাপাশি আদালতের তরফে নিশ্চিত করা হয়েছে যে, ৩০ জুলাইয়ের মধ্যে পুলিশ বা প্রশাসন যদি অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করে, তবে বিষয়টি অবিলম্বে আদালতের গোচরে আনা যাবে।