পুবের কলম ওয়েব ডেস্ক: একুশে জুলাইয়ের শহিদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগের এবার চাঁচাছোলা জবাব দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার কালীঘাট তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল যে, সভা বানচাল করতে বিভিন্ন এলাকায় তাদের কর্মী-সমর্থকদের আটকে দেওয়া হয়েছে, যার ফলে তাঁরা কলকাতায় পৌঁছতে পারেননি। 

বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই প্রসঙ্গ উঠতেই চেনা মেজাজে পালটা আক্রমণ শানান দিলীপ ঘোষ। তিনি সাফ জানান, বিজেপি কাউকে মেরেছে বা আটকেছে বলে তিনি শোনেননি। মূলত নিজেদের সাংগঠনিক দুর্বলতা আড়াল করতেই তৃণমূল এই ধরনের মিথ্যা অভিযোগ রটাচ্ছে বলে দাবি করেন তিনি।

তৃণমূলের অভিযোগ নস্যাৎ করার পাশাপাশি নিজের বক্তব্যে বিতর্কিত মন্তব্যও করেন দিলীপ ঘোষ। রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, অতীতে বিজেপি কর্মীদের ওপর চরম অত্যাচার করা হলেও তাঁরা এখন সংযম বজায় রেখে চলছেন। সংযম দেখানোর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মন্তব্য করেন যে, পরিস্থিতি বদলেছে বলেই বিরোধীরা আজও নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা চাইলে জামাকাপড় খুলে রাস্তায় মারধর করতে পারতেন এবং এখনও তা করার ক্ষমতা তাঁদের রয়েছে। তবে ‘আগের দিলীপ আর এই দিলীপ এক নয়’ দাবি করে তিনি জানান যে সরকার আপাতত ধৈর্য দেখাচ্ছে। দিলীপ ঘোষের এহেন আক্রমণাত্মক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অন্দরে নতুন করে বিতর্ক ও উত্তাপ ছড়াতে শুরু করেছে।