নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ঘিরে রাজনৈতিক উত্তাপের মাঝেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর অভিযোগ, শিক্ষার্থীদের প্রকৃত সমস্যার সমাধানের বদলে কংগ্রেস তাদের রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে। একই সময়ে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিতে গুরুগ্রামের হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিং।
আরও পড়ুন:
এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিস্তারিত আলোচনায় প্রস্তুত থাকা সত্ত্বেও কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভের পথ বেছে নিয়েছে। তাঁর অভিযোগ, এই কর্মসূচির ফলে সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি হয়েছে এবং উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে।
আরও পড়ুন:
শিক্ষামন্ত্রীর বক্তব্য, সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের উদ্বেগের সমাধান করা এবং পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করা। কিন্তু কংগ্রেসের উদ্দেশ্য সমস্যা সমাধান নয়, বরং রাজনৈতিক কারণে অস্থিরতা সৃষ্টি করা।
আরও পড়ুন:
উল্লেখ্য, সোমবার ছাত্র-যুবদের মিছিলে পুলিশি লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে ধর্নায় বসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা। পরে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও এনসিপি-র সুপ্রিয়া সুলেও সেখানে যোগ দেন। রাতে ধর্না চালিয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই দিল্লি পুলিশ রাহুল-সহ কংগ্রেস নেতাদের আটক করে।
পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।আরও পড়ুন:
এদিকে, দিল্লি হাই কোর্টের নির্দেশের পর অনশনরত সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। তবে তাঁরা ওয়াংচুকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। মঙ্গলবার তাঁর অনশনের ২৪তম দিন।