পুবের কলম, ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে ককোরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে তৈরি হওয়া তীব্র উত্তেজনার মাঝে এবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে একজোট হলেন বলিউডের প্রথম সারির তারকা ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। দিল্লির রাস্তায় সাম্প্রতিক সহিংস ঘটনার পর প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ ও পুলিশি আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতার বদলে অবিলম্বে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি জোর আর্জি জানিয়েছেন তাঁরা।

এই প্রতিবাদ কর্মসূচির বিষয়ে পূর্বে দূরত্ব বজায় রাখলেও, মঙ্গলবারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন পাঞ্জাবি সুপারস্টার তথা অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, "যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।

শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করা কখনোই উচিত নয়। তারা যেন শিক্ষার্থীদের অভিযোগ ও দাবিগুলি মনোযোগ দিয়ে শোনেন।"

প্রতিবাদকারীদের সমর্থনে এগিয়ে এসেছেন জনপ্রিয় তারকা দম্পতি রীতেশ দেশমুখ। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ তাঁরা আন্দোলনরত তরুণ সমাজের পাশে থাকার স্পষ্ট বার্তা দেন। তাঁর বার্তা, "আমরা দেশের তরুণ সমাজের সাথে একাত্মতা প্রকাশ করছি।

কোনো ভয় ছাড়া, স্পষ্টভাবে তাঁদের আওয়াজ তুলে ধরার এবং তা শোনার অধিকার রয়েছে। তাঁরাই আমাদের গণতন্ত্রের হৃদস্পন্দন এবং দেশের ভবিষ্যতের প্রকৃত কারিগর। আসুন, আমরা তাঁদের কথা শুনি, তাঁদের সমর্থন করি এবং ক্ষমতায়ন করি। আমাদের তরুণ প্রজন্মের এই শক্তি, সাহস এবং স্বপ্নই আগামী দিনের ভারতকে গড়ে তুলবে।"

এছাড়া সোনি রাজদান, জেনাত আমান, অভয় দেওল, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, ওমি বৈদ্য এবং সোনাক্ষী সিনহার মতো তারকারাও প্রকাশ্যে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানের দাবি তুলেছেন।