পুবের কলম ওয়েব ডেস্ক: সমাজমাধ্যমে এক ট্রোলের মন্তব্যের জবাবে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন বিশিষ্ট গীতিকার, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার। তিনি জানান, তিনি কোনও ধর্মে বিশ্বাস করেন না এবং তাঁর কাছে দেশের সব মানুষই সমান। এই আলোচনায় জাভেদ আখতার নিজের ব্যক্তিসত্তার পরিচয় তুলে ধরেছেন।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে জাভেদ আখতারের একটি মন্তব্যকে কেন্দ্র করে। ট্রাম্পের একটি বক্তব্যের সমালোচনা করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি।
সেই পোস্টের নীচে এক ব্যক্তি জাভেদের সম্প্রদায় নিয়ে মন্তব্য করেন এবং ইসলাম ধর্মের প্রসঙ্গ টেনে আনেন। এর জবাবে জাভেদ আখতার লেখেন, তিনি একজন নাস্তিক। ধর্মে তাঁর কোনও বিশ্বাস নেই। তিনি ট্রোলকে উদ্দেশ করে বলেন, হয়তো তুমি নাস্তিক শব্দটির অর্থই জানো না। আমি কোনও ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করি না। তাই আমার সম্প্রদায় নিয়ে আমাকে কিছু বলার প্রয়োজন নেই। আমার কওম বা সম্প্রদায় হল সমস্ত ভারতীয়, তুমিও তার অংশ। এই স্পষ্ট মন্তব্যের মাধ্যমে জাভেদ আখতার ধর্মের ঊর্ধ্বে জাতীয়তাবাদকে গুরুত্ব দিয়েছেন।আরও পড়ুন:
এই মন্তব্যের পর সমাজমাধ্যমে জাভেদের জবাব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করে মন্তব্য করেছেন।
তাঁদের মতে, ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের সব মানুষকে একসঙ্গে দেখার বার্তাই দিয়েছেন তিনি। এদিকে আর এক ট্রোলার জাভেদ আখতারকে রাজনীতি নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন। সেই ব্যক্তির বক্তব্য ছিল, গান লেখাতেই তাঁর মন দেওয়া উচিত। এরও পাল্টা জবাব দেন জাভেদ। তিনি লেখেন, অনাহূত উপদেশ দেওয়ার আগে নিজের যোগ্যতা ও পরিচয় সম্পর্কে ভাবা উচিত।আরও পড়ুন:
উল্লেখ্য, জাভেদ আখতার দীর্ঘদিন ধরেই নিজেকে নাস্তিক বলে পরিচয় দিয়ে আসছেন। সাহিত্য, চলচ্চিত্র এবং সামাজিক বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত মতামত প্রকাশ করেন। অতীতেও নানা বিতর্কিত মন্তব্যের জবাব সমাজমাধ্যমে সরাসরি দিয়েছেন তিনি।