পুবের কলম, ওয়েবডেস্ক: কোচিং ইনস্টিটিউটের বাইরে ভাঙচুর ও শূন্যে গুলি ছোঁড়ার মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান (খান স্যার) কে বড়সড় আইনি স্বস্তি দিল বিহারের একটি আদালত। শনিবার তাঁর আগাম জামিনের আবেদনের শুনানির সময় আদালত পুলিশের কঠোর পদক্ষেপের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী শুনানি না হওয়া পর্যন্ত খান স্যারের বিরুদ্ধে কোনো ধরণের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারবে না পুলিশ।

পাটনার সেন্ট্রাল সিটি পুলিশ সুপারের দফতর থেকে জারি করা একটি সরকারি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২ জুন রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে একদল দুষ্কৃতী পটনার বিখ্যাত ‘খান গ্লোবাল স্টাডিজ’ কোচিং সেন্টারে চড়াও হয়।

তারা আচমকা ইনস্টিটিউট লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছুড়তে শুরু করে এবং জানালার কাচ ও অন্যান্য পরিকাঠামো ভাঙচুর করে। এই ঘটনার পর পুলিশ মামলা রুজু করে তদন্তে নামে। তদন্ত চলাকালীন সিসিটিভি ফুটেজে দেখা যায়—ভাঙচুরের ঘটনার ঠিক পরেই ওই ইনস্টিটিউটের দু'জন ব্যক্তি প্রকাশ্যে শূন্যে গুলি চালাচ্ছেন।

ভিডিও ফুটেজটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর পুলিশ জানতে পারে, শূন্যে গুলি চালানো ওই দুই ব্যক্তি আসলে খান স্যারের কোচিং সেন্টারেরই নিজস্ব নিরাপত্তা কর্মী। পুলিশ আজ জানিয়েছে, সেই ভিডিও প্রমাণের ওপর ভিত্তি করে ওই দুই রক্ষীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।