পুবের কলম, ওয়েবডেস্ক: বাড়ির ছাদের শৌচাগারে এক ১৪ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ বাড়ির মালিকের ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার (১৮ জুন) রাতে শহরজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা পল্টন বাজার এলাকার সমস্ত দোকানপাট ও বাজার জোরপূর্বক বন্ধ করে দেন। ক্ষুব্ধ জনতা নগর কোতোয়ালি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রশাসনের সাথে বিক্ষোভকারীদের তুমুল তর্কাতর্কি ও ধস্তাধস্তি বাধে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা নাবালিকার পরিবার নগর কোতোয়ালি থানা এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে। গত বুধবার গভীর রাতে এই পৈশাচিক ঘটনাটি ঘটে। নির্যাতিতার মায়ের দায়ের করা এফআইআর অনুযায়ী, বুধবার গভীর রাতে ১৪ বছরের ওই নাবালিকা দোতলার ছাদে থাকা শৌচাগার ব্যবহার করতে গিয়েছিল। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও সে নিচে ফিরে না আসায় উদ্বিগ্ন মা নিজেই উপরে খোঁজ করতে যান। সেখানে যাওয়ার পর মেয়েটি কান্নায় ভেঙে পড়ে এবং জানায়, বাড়ির মালিকের ভাইপো তাকে জোরপূর্বক শৌচাগারের ভেতর টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।

বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা নগর কোতোয়ালি থানার সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এই সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পল্টন বাজার এলাকায় স্লোগান দিতে দিতে মিছিল করেন এবং সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাজার বন্ধ করে দেন। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন।