পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। কর্নাটক, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ—এই তিন রাজ্যে ত্রাস সৃষ্টি করা এক কুখ্যাত সিরিয়াল কিলারকে অবশেষে জালে তুলল পুলিশ। সোমবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে বিশ্বনাথ ওরফে প্রশান্ত ওরফে আজিজ নামে ওই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে রাজাম্মা নামে তার এক মহিলা সহযোগীকেও।
 
 পুলিশ সূত্রে খবর, ধৃত বিশ্বনাথের বিরুদ্ধে তিনটি রাজ্যে ২১টি গুরুতর অপরাধের মামলা রয়েছে।

মূলত একা থাকা মহিলাদের লক্ষ্য করে ডাকাতি ও খুনের ছক কষত সে। ২০১৮ সালে কেরালায় একটি খুনের মামলায় সে দোষী সাব্যস্ত হয়েছিল, কিন্তু পরে জেল থেকে পালিয়ে যায়। তাকে ধরার জন্য কেরালা পুলিশ ২ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল।
 
 তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর ‘ট্রাস্ট-অ্যান্ড-স্ট্রাইক’ পদ্ধতির কথা। পুলিশ জানিয়েছে, বিশ্বনাথ মূলত সেই সব মহিলাদের টার্গেট করত যারা বাড়িতে একা থাকতেন।
প্রথমে নানা অছিলায় তাঁদের বিশ্বাস অর্জন করে বাড়িতে ঢুকত সে। এরপর সুযোগ বুঝে তাঁদের নৃশংসভাবে খুন করে সোনার গয়না নিয়ে চম্পট দিত। অপরাধের জন্য সে সাধারণত অটো-রিকশা ব্যবহার করত। গ্রেফতারি এড়াতে সে বারবার নাম ও পরিচয় বদলাত। ২০২৪ সাল থেকে তিরুপতিতে একটি জাল পরিচয় নিয়ে আত্মগোপন করেছিল সে।

 
 তিরুপতি জেলাতেই তিরুচানুর, রামচন্দ্রপুরম এবং পিচাতুর এলাকায় চারটি খুনের ঘটনায় সে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার সহযোগী রাজাম্মা তাকে আশ্রয় দেওয়া এবং যাতায়াতের রসদ জোগাতে সাহায্য করত বলে অভিযোগ। তিরুপতির পুলিশ সুপার সংবাদমাধ্যমকে জানান, “ধৃত ব্যক্তি একজন পেশাদার অপরাধী। অত্যন্ত ঠান্ডা মাথায় সে অপরাধের পরিকল্পনা করত। তার গ্রেফতারিতে কেবল তিরুপতি নয়, প্রতিবেশী রাজ্যগুলির পুলিশ বিভাগও স্বস্তি পেয়েছে। আমরা এখন তার সাথে জড়িত অন্যান্য অমীমাংসিত মামলাগুলি খতিয়ে দেখছি।”