পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা ও দ্বিতীয় বর্ষের বিডিএস ছাত্র হারিশ আলিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস-এর (ISIS) অনলাইন মডিউলের সঙ্গে যুক্ত থাকার এবং দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে সোমবার তাকে মোরাদাবাদ থেকে আটক করা হয়।
 
এটিএস সূত্রে খবর, ১৯ বছর বয়সী ওই ছাত্র ‘সেশন’ ও ‘ডিসকর্ড’-এর মতো এনক্রিপ্টেড অ্যাপ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে বিদেশের আইএস হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, হারিশ মূলত ইন্টারনেটে উগ্র মতাদর্শ প্রচার এবং নতুন সদস্য নিয়োগের কাজে লিপ্ত ছিল।
 
তদন্তে জানা গেছে, ধৃত যুবক নিজের পরিচয় গোপন রাখতে একাধিক ছদ্মনাম এবং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করত। সে ‘আল ইত্তিহাদ মিডিয়া ফাউন্ডেশন’ নামে একটি পৃথক অনলাইন গ্রুপ চালাত। এই গ্রুপের মাধ্যমে সে উগ্রপন্থী সাহিত্য, প্রচারমূলক ভিডিও এবং শারিয়া-ভিত্তিক খেলাফত প্রতিষ্ঠার উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দিত বলে অভিযোগ।