পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্জাবের পাটিয়ালার নিউ লাল বাগ এলাকায় একটি পেয়িং গেস্ট আবাসনের ভেতরে এক দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম কমল মিত্তল। তিনি মানসা জেলার বারেতা এলাকার বাসিন্দা ছিলেন এবং পাটিয়ালার ‘গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ’-এ চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সারাদিন ধরে কমলের পরিচিত ও বন্ধুরা তাঁকে একাধিকবার ফোন করলেও তিনি কোনও উত্তর দেননি। এরপরই সন্দেহ হওয়ায় গভীর সন্ধ্যায় কমলের কয়েকজন পরিচিত ওই পিজি-তে যান। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই তাঁরা কমলকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিভিল লাইন্স থানার পুলিশ, নিউ অফিসার কলোনি পুলিশ পোস্টের আধিকারিক এবং ফরেনসিক বিশেষজ্ঞরা।
ডিএসপি-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নমুনা সংগ্রহ করেন।আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কমলের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে তিন থেকে চার বার কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে পুলিশ।
ফুটেজে এক সন্দেহভাজন যুবককে ঘটনার পর ওই এলাকা থেকে তড়িঘড়ি পালিয়ে যেতে দেখা গিয়েছে। লক্ষ্যণীয় বিষয় হলো, ওই যুবকের পোশাকে রক্তের দাগ স্পষ্ট ছিল। ঘাতককে চিহ্নিত করতে এই ফুটেজ বড় ভূমিকা নেবে বলে মনে করছে পুলিশ।আরও পড়ুন:
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ওই বহুতল ভবনটিতে কমলের পাশাপাশি আরও চারজন ছাত্র পিজি হিসেবে থাকতেন। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাঁদের সকলের খোঁজ চালাচ্ছি।” সোমবার সন্ধ্যায় কমলের পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা ইতিমধ্যেই পাটিয়ালায় এসে পৌঁছেছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত কারণ বা উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়।