পুবের কলম ওয়েব ডেস্কঃ বাংলায় অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরজন্য জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই বাংলাদেশি সন্দেহে ধৃতদের রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে। এরমধ্যেই এবার বাংলাদেশি সন্দেহে আরও একজন গ্রেফতার হল। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে সাহিন শেখ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাঁকে রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে।আরও পড়ুন:
পুলিশ দাবি করছে, সাহিন বাংলাদেশের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরেই নাকি পরিচয় গোপন করে বাংলায় বসবাস করছিলেন। প্রায় ১৫ বছর ধরে এদেশে আছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, সাহিনের বিরুদ্ধে আরও বিস্ফোরক দাবি করেছে পুলিশ।
তদন্তকারীদের দাবি, এখানে আসার পর নিজেকে শুধু ভারতীয় বলেই তিনি দাবি করেননি রীতিমতো সংসারও পাতেন। সেই খবর গোপন সূত্রে পাওয়ার পর তল্লাশি চালায় সামশেরগঞ্জ থানার পুলিশ। এরপরে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত জালাদিপুর সিমেন্ট গোডাউন থেকে সাহিনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, গ্রেফতারের পর তাঁকে মঙ্গলবার পাঠানো হয়েছে হোল্ডিং সেন্টারে।আরও পড়ুন:
পুলিশ দাবি করছে, সাহিন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া এলাকার বাসিন্দা।
তিনি বাংলায় এসেছিলেন ২০১১ সালে। তাঁর কাছে কোনও বৈধ নথি ছিল না। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসে মুর্শিদাবাদে থাকতে শুরু করেন। তাঁকে গ্রেফতারের পরেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখে পুলিশ। তাতে ভুয়ো নথি মিলেছে বলেই দাবি পুলিশের। এছাড়াও তদন্তকারীরা দাবি করেছেন, জেরায় নাকি সাহিন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন।