আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ইতিহাস গড়ল ভারত। মাত্র তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ইনিংসের ব্যবধানে এটি ভারতের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় জয়।

এর আগে ২০১৮ সালে বেঙ্গালুরুতে আফগানিস্তানকে ইনিংস ও ২৬২ রানে হারিয়েছিল ভারত। এবার সেই রেকর্ডও ভেঙে দিল শুভমান গিলের দল।

এই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক অভিষেক ম্যাচ খেলতে নামা তরুণ স্পিনার মানব সুতার। দুই ইনিংস মিলিয়ে তিনি ৭ উইকেট দখল করেন। প্রথম ইনিংসে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন ২৩ বছর বয়সি এই বাঁহাতি স্পিনার।

অভিষেক টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া ভারতের দশম বোলার হিসেবে নাম লেখালেন মানব। এই তালিকায় তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন শুধু নরেন্দ্র হিরওয়ানি, যিনি অভিষেক টেস্টে ১৬ উইকেট নিয়েছিলেন।

সোমবার সকালে ১১৩/৫ স্কোর নিয়ে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। কিন্তু ভারতীয় বোলারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। প্রথম ইনিংসে ১৫২ রানেই গুটিয়ে যায় সফরকারী দল। মানব সুতারের ৬ উইকেট ছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণা ৩টি এবং ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন।

এরপর ভারত ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়।

দ্বিতীয় ইনিংসেও আফগান ব্যাটারদের ভোগান্তি অব্যাহত থাকে। শুরুতেই আঘাত হানেন মহম্মদ সিরাজ। পরে স্পিন জাদুতে ম্যাচ শেষ করে দেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। সুন্দর ৪টি এবং কুলদীপ ৩টি উইকেট নেন। মানব সুতারও যোগ করেন আরও একটি শিকার।

মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস। ফলে ইনিংস ও ৩০০ রানের রেকর্ড জয়ে সিরিজের একমাত্র টেস্ট নিজেদের দখলে নেয় ভারত।
এবার টেস্ট সিরিজ শেষ করে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে নামবে ভারত।