পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর গোয়ার কোলভাল সেন্ট্রাল জেলে চাঞ্চল্যকর মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার হলেন এক পুলিশ কনস্টেবল। যে বাহিনীর দায়িত্ব জেলের নিরাপত্তা নিশ্চিত করা, সেই বাহিনীরই এক সদস্যের বিরুদ্ধে জেলের ভেতরে গাঁজা পাচারের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।
আরও পড়ুন:
অভিযুক্ত কনস্টেবলের নাম সুমেশ মান্ড্রেকর। তিনি গোয়ার পানাজি এলাকায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কোলভাল সেন্ট্রাল জেলে নজরদারি বাড়ানো হয়। সেই সময় জেলের ভিতরে গাঁজা ঢোকানোর চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সুমেশ। তাঁর কাছ থেকে প্রায় ১.৬৫ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যা চারটি আলাদা প্যাকেটে রাখা ছিল।আরও পড়ুন:
তদন্তকারীরা জানিয়েছেন, সুমেশ ২০২৪ ব্যাচের নবনিযুক্ত কনস্টেবল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে, তিনি একাই এই কাজে যুক্ত ছিলেন নাকি এর পেছনে আরও বড় কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারের পর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং পরে তাঁকে প্রিজন সুপারিনটেনডেন্ট সুচিতা দেশাইয়ের সামনে পেশ করা হয়। উচ্চ নিরাপত্তাবেষ্টিত জেলের ভিতরে এমন মাদক পাচারের চেষ্টা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কীভাবে জেলের অভ্যন্তরে মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং জেলের ভিতরে এর আগেও এমন ঘটনা ঘটেছে কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:
প্রশাসনের একাংশের মতে, এই ঘটনায় শুধু একজন কনস্টেবলের ভূমিকা নয়, গোটা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও সামনে এসেছে। তদন্তে যদি বড় চক্রের যোগসূত্র মেলে, তবে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফলে গোয়ার জেল প্রশাসনে এই ঘটনা বড় ধরনের নাড়া দিয়েছে।