পুবের কলম, ওয়েবডেস্ক: শেষ রক্ষা হলো না তৃণমূলের প্রাক্তন বিধায়কের। কর্নাটক থেকে গ্রেফতার হলেন তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। ধৃত তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে তারকেশ্বরে নিয়ে আসবে বলে খবর। 

রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী-প্রাক্তন বিধায়কদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।

দুর্নীতি, তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এবার সেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন রামেন্দু সিংহ রায়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরামবাগ সংগঠনিক জেলার যুব সভাপতি দিব্যেন্দু বেরাকে।

জানা গিয়েছে, তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধেও সরকারি ত্রাণ সামগ্রী চুরি করা, তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

ধানিয়াখালির কোটালপুর এলাকায় নিজের বাড়ির পাশেই একটি বিএড অফিস তৈরি করেছিলেন। 

গত ১১ জুন ওই কলেজে তল্লাশি চলে। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছিল না রামেন্দু সিংহ রায়কে। তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে কর্নাটক থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিধায়ক।