পুবের কলম, ওয়েবডেস্ক: শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ গৌতম দেবের। শিলিগুড়ির পুর কমিশনারকে পদত্যাগ পত্র পাঠালেন গৌতম দেব। গত ২ দিন ধরে গৌতম দেবের ইস্তফা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ইস্তফা দিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা।

পুরসভা সূত্রে খবর, তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে। গৌতম দেব জানিয়েছেন, শিলিগুড়ির মানুষ বিজেপির উপর ভরসা রেখেছে, তাই মেয়রের চেয়ার আঁকড়ে রাখা তাঁর পক্ষে সমীচীন নয়।

শিলিগুড়ি পুরনিগমের বর্তমান বোর্ডের মেয়াদ আরও এক বছর ছিল। তার আগে বর্ষার মরসুম চলাকালীন মেয়র ইস্তফা দেওয়ায় শহরের পুর পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

সূত্রের খবর, বৃহস্পতিবারই মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেছিলেন গৌতম। সেখানে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু মেয়র পারিষদদের একাংশ তা চাননি। কিন্তু গৌতম নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।
 

ইস্তফা দিয়ে গৌতম দেব জানিয়েছেন, 'শিলিগুড়ি পুর নিগমের কমিশনারের কাছে মেয়র হিসেবে আমার পদত্যাগ পত্র দিয়েছি। রাজ্যে পালা বদলের পর আমি সরকারের দায়িত্ব পালন করেছি। তারপরও আমার মনে হয়েছে কোথাও ছন্দপতন হচ্ছে। মেয়র হিসেবে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছিলাম না। কাজের কোথাও কোথাও তালমিল হচ্ছিল। আমি কোনও বিদ্বেষের মনোভাব নিয়ে এই পদ ছাড়ছি না।' সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষীও ছেড়ে দিয়েছেন গৌতম দেব।