পুবের কলম ওয়েব ডেস্ক: ইরানের একটি স্কুলে মার্কিন বিমান হামলায় ১৭৫ জন বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এমন ভয়াবহ বিপর্যয়ের মুখেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অদ্ভুত ও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে, এটি কোনও ‘উদ্দেশ্যপ্রণোদিত হামলা ছিল না’ এবং যুদ্ধের পরিস্থিতিতে ‘ভুল তো হতেই পারে’।

জি৭ সম্মেলনের পার্শ্ববর্তী এক আলোচনায় ট্রাম্পের এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ট্রাম্প বলেন, সামরিক অভিযানের সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেকোনও পক্ষ থেকেই ঘটতে পারে, যা যুদ্ধেরই একটি অংশ।

তার এই বক্তব্য মানবাধিকার কর্মী এবং বিশ্বনেতাদের অনেকেই ‘অমানবিক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। সমালোচকরা বলছেন, ১৭৫ জন শিশুর মৃত্যু কোনও সাধারণ ভুল হতে পারে না, বরং এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

যদিও মার্কিন বাহিনীর এমন অভিযানের নিন্দা জানিয়ে তেহরান একে ‘যুদ্ধপরাধ’ হিসেবে উল্লেখ করেছে আর ফের একবার ওয়াশিংটনের ওপর আন্তর্জাতিক তদন্তের চাপ বাড়ছে। ট্রাম্পের মন্তব্যে মার্কিন প্রশাসনের ওপর জনমত ক্ষুব্ধ হয়ে উঠেছে, যা দেশটিতে রাজনৈতিক মেরুকরণকেও আরও তীব্র করে তুলেছে। মানবাধিকার সংস্থাগুলো এখন এই ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানাচ্ছে।