কেন্দ্রীয় সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষ পর্যন্ত তাঁকে মাথায় হেলমেট পরিয়ে আদালত চত্বর থেকে বের করে আনতে হয় পুলিশকে।
বুধবার কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে উদয়ন গুহকে দিনহাটা থানার পুলিশ প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। শারীরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাঁকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হয়। তবে আদালত চত্বরে আগে থেকেই বিক্ষোভকারীদের জমায়েত হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
তা সত্ত্বেও আদালতে ঢোকা এবং বেরোনোর সময় প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। শেষমেশ নিরাপত্তার স্বার্থে উদয়ন গুহকে হেলমেট পরিয়ে আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এদিন দিনহাটা আদালতের কোনও আইনজীবী উদয়ন গুহের পক্ষে সওয়াল করতে রাজি হননি। পরে কোচবিহার থেকে আসা এক আইনজীবী তাঁর হয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের হেফাজতের আবেদন জানানো হলেও আদালত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে দিনহাটা থানার একটি মামলায় (কেস নম্বর ৪১৯, তারিখ ১১ জুন, ২০২৬) উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে মাথাপিছু ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছিল এবং গোটা ঘটনায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তিনি মূলত কলকাতায় থাকছিলেন এবং প্রকাশ্যে খুব কমই দেখা গিয়েছিল তাঁকে।