উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সোনারপুরে এক তরুণীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর বারেন্দ্রপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে প্রিয়াঙ্কা গায়েন নামের ২৭ বছর বয়সী এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি প্রথম নজরে আসে এবং এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিয়াঙ্কা গায়েন ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
গত তিন-চার দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও সুইচড অফ ছিল। এদিন ফ্ল্যাটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি সোনারপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে প্রিয়াঙ্কা গায়েন-এর পচাগলা দেহ উদ্ধার করে।আরও পড়ুন:
পুলিশের প্রাথমিক অনুমান, কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
তবে ঠিক কোন সময়ে এবং কী কারণে এই মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার বাবা শিবুরাম গায়েন জানান, মেয়ে আলাদা ফ্ল্যাট কিনে একাই থাকতেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।আরও পড়ুন:
অন্যদিকে, মৃতার মা মিলি গায়েনের দাবি, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। মৃতার পিসি বন্দনা প্রাসাদ জানান, গত শুক্রবার রাতে প্রিয়াঙ্কা গায়েন তাঁর এক বিশেষ বন্ধু রাজেশের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ ছিল। তাঁর অভিযোগ, কেউ প্রিয়াঙ্কাকে খুন করে ঘরের দরজা আটকে জানালার গ্রিল দিয়ে পালিয়ে গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সময় কারা ফ্ল্যাটে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।