পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত বিভিন্ন জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় লাগাতার অনিয়ম এবং তার জেরে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া তীব্র মানসিক উদ্বেগ ও অবসাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সংসদের একটি উচ্চপর্যায়ের কমিটি। সরকারের নানাবিধ সংশোধনী পদক্ষেপ সত্ত্বেও পরীক্ষা প্রক্রিয়ায় ত্রুটি রয়েই গেছে বলে মনে করছে তারা। উচ্চশিক্ষা বিভাগের ‘ডিমান্ডস ফর গ্র্যান্টস’ (২০২৫-২৬)-এর সুপারিশমালার ওপর সরকারের নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে তৈরি ৩৮১তম প্রতিবেদন।

কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং-এর নেতৃত্বাধীন এই সংসদীয় কমিটি তাদের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করেছে, গত দুই বছরে পরীক্ষা প্রক্রিয়ায় আমূল সংস্কারের কথা বলা হলেও বাস্তব চিত্রটি এখনও হতাশাজনক। রিপোর্টে বলা হয়েছে, "কমিটি লক্ষ্য করেছে যে, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ড. কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন স্টিয়ারিং কমিটির সুপারিশগুলি বাস্তবায়নের জন্য মন্ত্রক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

 

কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এত সব ব্যবস্থার পরেও প্রশ্নপত্র ফাঁসের মতো অনিয়ম এখনও ঘটছে। এর ফলে একের পর এক পরীক্ষা বাতিল করতে হচ্ছে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনরাত পরিশ্রম করা কোটি কোটি ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র হতাশা এবং মানসিক অস্থিরতা তৈরি করছে।" কমিটি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষা মন্ত্রককে একটি সুনির্দিষ্ট সময়সীমা ভিত্তিক রোডম্যাপ জনসমক্ষে প্রকাশ করার জোরালো সুপারিশ জানিয়েছে।

রিপোর্টে কমিটি পূর্ববর্তী একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণা করেছে। ২০২৪ সালের ১৬ জুন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সংসদে দাঁড়িয়ে স্বয়ং স্বীকার করেছিলেন, "এনটিএ-র পরিকাঠামোয় আরও অনেক বেশি উন্নতির প্রয়োজন রয়েছে।" কমিটি মন্ত্রীর সেই বক্তব্যকে পুনর্বার মনে করিয়ে দিয়ে বলেছে, দেশজুড়ে একটি নিশ্ছিদ্র ও স্বচ্ছ প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সমস্ত অংশীদানদের সাথে দ্রুত আলোচনা শেষ করে সংস্কারের প্যাকেজটি অবিলম্বে বাস্তবায়িত করা দরকার।