পুবের কলম ওয়েব ডেস্কঃ একের পর এক মামলায় সাঁড়াশি চাপে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য, সই জাল কাণ্ড, আম্ফানের ত্রাণ দুর্নীতির পর এবার আরও একটি মামলা দায়ের হল অভিষেকের বিরুদ্ধে। ডায়মন্ড হারবারে বিপুল পরিমাণ জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক বিজেপি নেতা। সোমবার রাতে কালীতলা আশুলিয়া থানায় এই অভিযোগ জমা পড়েছে।
আরও পড়ুন:
অভিযোগে দাবি করা হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে পরিকল্পিতভাবে প্রায় ১৬৩ বিঘা জমির মাটি কেটে বাইরে বিক্রি করা হয়েছে। এর ফলে কয়েকশো কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগকারীর দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের নামও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাসের বক্তব্য, ২০১৭ সাল থেকেই এলাকায় ধাপে ধাপে মাটি কাটার কাজ চলছিল।
তাঁর অভিযোগ, ২০২২ ও ২০২৩ সালে সেই কর্মকাণ্ড আরও বেড়ে যায়। সেই সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। তাই নতুন করে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে তিনি থানার দ্বারস্থ হয়েছেন। অভিযোগের সমর্থনে বেশ কিছু স্যাটেলাইট চিত্রও তিনি জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগকারীর দাবি, ওই ছবিগুলি থেকে স্পষ্ট বোঝা যায় কোন কোন এলাকা থেকে কতটা মাটি সরানো হয়েছে। আর তার ফলে ভূমির কী ধরনের ক্ষতি হয়েছে। তাঁর মতে, এই ধরনের অবৈধ মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভূমিক্ষয় ও অন্যান্য প্রাকৃতিক সমস্যার আশঙ্কাও তৈরি হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগেও আমফান ঘূর্ণিঝড়ের পর ত্রাণসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে অভিজিৎ বিশ্বাস পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই ঘটনায় তিনি ত্রাণের সামগ্রী যথাযথভাবে বিতরণ না হওয়া এবং আর্থিক দুর্নীতির অভিযোগ করেছিলেন। স্বাভাবিকভাবেই নতুন অভিযোগকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।