পুবের কলম, ওয়েবডেস্ক: পুরোহিত খুনে অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল যোগী পুলিশ। সোমবার উত্তরপ্রদেশের উন্নাও জেলায় বোধেশ্বর মন্দিরের পুরোহিত রাম মিলন দাস হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ‘ইসরার’ পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছে। এই গুলির লড়াইয়ের সময় স্পেশাল অপারেশন গ্রুপ-এর এক কনস্টেবলও গুরুতর জখম হয়েছেন। একই সাথে এই মামলার অপর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
উন্নাওয়ের পুলিশ সুপার জয় প্রকাশ সিং জানিয়েছেন, সোমবার উন্নাও পুলিশ এবং এসওজি-এর একটি যৌথ দল এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর আসে, পুরোহিত খুনের প্রধান অভিযুক্ত ইসরার বাংগারমাউ থানা এলাকার তাজপুর গ্রামের আন্ডারপাসের কাছে লুকিয়ে রয়েছে। খবরের ভিত্তিতে পুলিশ ও এসওজি বাহিনী দ্রুত ঘটনাস্থলটি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। কিন্তু পুলিশকে দেখেই আচমকা গুলি চালাতে শুরু করে ইসরার।
আরও পড়ুন:
পুলিশ সুপার জানান, "অভিযুক্তের ছোঁড়া একটি গুলি সাব-ইন্সপেক্টর নিউটন কুমার সিং-এর বুলেটপ্রুফ জ্যাকেটে লাগে এবং অপর একটি গুলি এসওজি কনস্টেবল বিকাশ ভাদৌরিয়ার বাহু এফোঁড়-ওফোঁড় করে দেয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ইসরার গুরুতর জখম হয়। তাকে তড়িঘড়ি বাংগারমাউ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।" এনকাউন্টার স্থল থেকে পুলিশ একটি দেশি পিস্তল, দুটি ব্যবহৃত কার্তুজ এবং একটি ধারালো ছুরি উদ্ধার করেছে। জখম কনস্টেবল বিকাশ ভাদৌরিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।