পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে বিজেপির জয়ী আসন এবং সাম্প্রতিক বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বুধবার ‘এক্স’-এ একটি পোস্টে তিনি দাবি করেছেন, লোকসভায় বিজেপির প্রতি ছয়জন সাংসদের মধ্যে একজন ‘ভোট চুরি’ করে জিতেছেন। এমনকি বিজেপির ব্যবহৃত শব্দবন্ধ ধার করেই তিনি প্রশ্ন তুলেছেন, এই সাংসদদের কি তবে ‘অনুপ্রবেশকারী’ বা ‘ঘুসপেঠিয়া’ বলা উচিত?

রাহুল গান্ধি বিজেপির আসন সংখ্যা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আজ যদি দেশে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তবে বিজেপি ১৪০টি আসনও পার করতে পারবে না।

তাঁর অভিযোগ, লোকসভায় বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে একটি বড় অংশ অনৈতিকভাবে জয়ী হয়েছেন। বিজেপি ভোটার তালিকা এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ‘রিমোট কন্ট্রোল’-এর মতো ব্যবহার করছে। হরিয়ানা সরকারকেও তিনি ‘অনুপ্রবেশকারী সরকার’ বলে কটাক্ষ করেন।

এদিন রাহুল গান্ধি পশ্চিমবঙ্গ ও অসমের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে সরব হয়েছিলেন।

সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করেছে বিজেপি এবং অসমে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে তারা। এই জয়কে ‘জনাদেশ চুরি’ বলে অভিহিত করে রাহুল বলেন, “ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে বিজেপির এটি একটি বড় পদক্ষেপ।”

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শোচনীয় পরাজয়ে কংগ্রেসের একাংশ এবং অন্যান্য বিরোধী দল যখন উল্লাস প্রকাশ করছে, তখন তৃণমূলের সমর্থনে এগিয়ে এসেছেন রাহুল গান্ধি। তিনি সাফ জানান, “তৃণমূলের হার নিয়ে যারা উল্লাস করছেন, তাঁদের বোঝা উচিত যে বাংলা ও অসমে জনাদেশ চুরি আসলে দেশের গণতন্ত্রের ওপর বড় আঘাত। ক্ষুদ্র রাজনীতি সরিয়ে রেখে এখন ভারতের কথা ভাবার সময়।”