পুবের কলম, ওয়েবডেস্ক: নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। মঙ্গলবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সরাসরি নিশানা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথাকথিত ‘অমৃত কাল’ দেশের জন্য এখন ‘বিষ কালে’ পরিণত হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে রাহুল গান্ধি এই ঘটনাকে কেবল সরকারের ‘ব্যর্থতা’ বলতে নারাজ; বরং একে দেশের যুবসমাজের ভবিষ্যতের বিরুদ্ধে একটি ‘অপরাধ’ বলে বর্ণনা করেছেন।
আরও পড়ুন:
বিরোধী দলনেতা তাঁর পোস্টে ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর পরিশ্রম এবং তাঁদের বাবা-মায়ের ত্যাগের কথা তুলে ধরেন।
তিনি লেখেন, “নিট ২০২৬ পরীক্ষা বাতিল করা হয়েছে। এই দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকার ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর পরিশ্রম, ত্যাগ এবং স্বপ্নকে চূর্ণ করে দিয়েছে। কেউ ঋণ নিয়েছেন, কোনও মা নিজের গয়না বিক্রি করেছেন যাতে সন্তান নিট কোচিং নিতে পারে। লাখ লাখ শিশু রাত জেগে পড়াশোনা করেছে। বিনিময়ে তারা কী পেল? প্রশ্নপত্র ফাঁস, সরকারি অবহেলা এবং শিক্ষা ক্ষেত্রে সংগঠিত দুর্নীতি।”আরও পড়ুন:
কংগ্রেস সাংসদ আরও অভিযোগ করেন, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও আসল অপরাধীরা বা ‘পেপার মাফিয়া’রা সবসময় পার পেয়ে যায়। তিনি বলেন, “প্রতিবারই মাফিয়ারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর শাস্তি ভোগ করতে হয় সৎ ছাত্র-ছাত্রীদের।
এখন লক্ষ লক্ষ শিক্ষার্থীকে আবারও সেই একই মানসিক চাপ, আর্থিক বোঝা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হবে।” রাহুলের প্রশ্ন, যদি কোনও শিক্ষার্থীর ভাগ্য পরিশ্রমের পরিবর্তে টাকা এবং প্রভাবের ওপর নির্ভর করে, তবে শিক্ষার আর কী মূল্য থাকবে?আরও পড়ুন:
মোদি সরকারের ‘অমৃত কাল’ স্লোগানকে কটাক্ষ করে রাহুল গান্ধি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার পবিত্রতা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ। তাঁর মতে, শিক্ষা ক্ষেত্রে এই সংগঠিত দুর্নীতি প্রমাণ করে যে বর্তমান জমানায় মেধার কোনও দাম নেই। উল্লেখ্য, মঙ্গলবারই প্রশ্ন ফাঁসের অভিযোগে ৩ মে অনুষ্ঠিত হওয়া নিট পরীক্ষা বাতিল করার ঘোষণা করে এনটিএ। পুরো বিষয়টি এখন সিবিআই-এর তদন্তাধীন। বিরোধীরা শুরু থেকেই এই ইস্যুতে সরব ছিল, আর রাহুলের এই কড়া প্রতিক্রিয়া সেই রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল।