পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের সবকটি আসনেই এককভাবে লড়াই করছে কংগ্রেস। সেই লক্ষ্যেই বাংলায় জোরকদমে প্রচারে নামছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই প্রথম দফার কয়েকটি কেন্দ্রে প্রচার সেরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে দ্বিতীয় দফার আগে কলকাতায় তাঁর জনসভা ঘিরে তৈরি হয়েছিল জটিলতা।

বিভিন্ন জায়গায় সভার অনুমতি না মেলায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

শেষ পর্যন্ত সেই সমস্যা কাটিয়ে আগামী ২৫ এপ্রিল শহিদ মিনার–এ সভার অনুমতি মিলেছে। সেনাবাহিনীর তরফে সবুজ সংকেত পাওয়ার পরই এই কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তার আগের দিন,  ২৪ এপ্রিল শহরে প্রচারে আসার কথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট–এর। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, এর আগে রানী রাসমণি রোড এবং ময়দানে সভার জন্য অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে কর্মসূচি বাতিল করতে হয়েছিল। ফলে শহিদ মিনারের সভাকে ঘিরে এবার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে।

দলীয় সূত্রে আরও জানা যাচ্ছে, কলকাতার পাশাপাশি শ্রীরামপুরেও রাহুল গান্ধীর কর্মসূচি হওয়ার কথা রয়েছে। সেখান থেকে প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সমর্থনে সভা বা পথসভা আয়োজনের পরিকল্পনা থাকলেও এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি।

এর আগে বাংলায় প্রচারে এসেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের সমর্থনে প্রচারে নামবেন রাহুল গান্ধী ও অশোক গেহলট।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের সব আসনে প্রার্থী দিলেও যেসব কেন্দ্রে জয়ের সম্ভাবনা বেশি, সেগুলিকেই অগ্রাধিকার দিয়ে প্রচারের কৌশল সাজাচ্ছে কংগ্রেস নেতৃত্ব।