পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে ভোট পর্ব মিটেছে শান্তিপূর্ণভাবে। ভোটের সময় বড়সড় কোনও অশান্তির খবর না পাওয়া যায়নি। গণনাও মিটেছে শান্তিপূর্ণভাবে। যদিও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। ভোটের কাজের জন্য এতদিন বিরাট বড় দায়িত্ব ছিল কমিশনের আধিকারিকদের ওপর। মোটের ওপর গোটা প্রক্রিয়া সুষ্ঠু ও অবাধভাবে হওয়ার পর নিজের দায়িত্ব শেষ করেছে নির্বাচন কমিশন।

আর ভোট মিটতেই এবার গঙ্গাবিহার করলেন কমিশনের আধিকারিকরা। 

সুত্রের খবর, মঙ্গলবার বিকেলে গঙ্গাবক্ষে গঙ্গা বিহার করতে দেখা গিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের। এর নেতৃত্বে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এছাড়াও ছিলেন, পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্রা। প্রত্যেকেই ছিলেন আনন্দের মেজাজে। এদিন কমিশনের তরফে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং অবাধ ও সুষ্ঠু হয়েছে।

কোনও রকমের অনিয়ম হয়নি। দক্ষিণ কলকাতার ডিইও যে রিপোর্ট দিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। সেই কথা উল্লেখ করে কমিশন দাবি করে নির্বাচন ও গণনায় কোনওরকমের অনিয়ম হয়নি। সবকিছু নিয়ম মেনে হয়েছে। 

প্রসঙ্গত, এবার দুদফায় বঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি দফাতেই ৯০ শতাংশের ওপরে ভোট পড়েছে।

সাধারণ অন্যান্য সময় বুহুতলে থাকা ভোটারদের মধ্যে অনীহা দেখা যায়। সেই অনীহা কাটাতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। বহুতলে বুথের সংখ্যা বাড়ানো হয়। বহুতলগুলিতে ৮৭ টি বুথ করা হয়। রেনেসাঁ টাউনশিপ, স্পেস টাউন হাউজিং কমপ্লেক্সে বা হাইল্যান্ড গ্রিন হাউস কমপ্লেক্সের মতো আবাসনগুলিতে এরফলে ভোট দান বৃদ্ধি পায়। কমিশনের দাবি, এবার বহুতলগুলিতে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ ভোট বেড়েছে। আগামীদিনে বহুতলগুলিতে বুথের সংখ্যা আরও বাড়ানো হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।