পুবের কলম ওয়েব ডেস্কঃ কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সমাজমাধ্যমে দেওয়া একটি ছবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ছবিটিকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই পদক্ষেপ করল লালবাজার। সাসপেন্ড করা হল কালীঘাটের ওসি গৌতম দাসকে।

দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি পাঠিয়ে অভিযোগ জানান। জয়প্রকাশ নিজের সমাজমাধ্যমের পাতায় ওই অভিযোগপত্রের বিষয়বস্তুও প্রকাশ করেছেন।

তাঁর দাবি,  ছবিটি কালীঘাট থানার বর্তমান ওসি গৌতম দাসের এবং সেটি তিনি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। ছবিতে দেখা যায়, পুলিশের পোশাক পরে থানার চেয়ারে বসে হাতে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ধরে রয়েছেন তিনি। যদিও ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

তৃণমূল নেতার অভিযোগ, ওই ছবির সঙ্গে এমন একটি বার্তা দেওয়া হয়েছিল যাতে লেখা ছিল, "নতুন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।" জয়প্রকাশের বক্তব্য,  এই ধরনের ছবি এবং বার্তা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। তাঁর দাবি,  ছবিতে ওসিকে এমন ভঙ্গিতে দেখা যাচ্ছে, যাতে মনে হচ্ছে তিনি কাউকে লক্ষ্য করে অস্ত্র তাক করে রয়েছেন।

এই প্রসঙ্গে একাধিক প্রশ্নও তুলেছেন জয়প্রকাশ। তাঁর বক্তব্য, কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশ আধিকারিকের পুলিশের পোশাকে নিজের ছবি তুলে সমাজমাধ্যমে প্রকাশ করা কলকাতা পুলিশের নির্দেশিকার পরিপন্থী। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমাজমাধ্যম ব্যবহার সংক্রান্ত বিধিতেও অস্ত্র হাতে হুমকিসূচক ভঙ্গির ছবি বা বার্তা প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি তাঁর।

তৃণমূল নেতার আরও প্রশ্ন, ওই ধরনের আগ্নেয়াস্ত্র আদৌ কালীঘাট থানার ওসির জন্য অনুমোদিত কি না এবং তিনি সেই অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণপ্রাপ্ত কি না। তাঁর মতে, এমন পোস্ট শুধু বিতর্কিতই নয়,  সাধারণ মানুষের কাছে তা ভীতিকর বার্তাও বহন করে। তাই গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশন কালীঘাট থানার ওসিকে বদল করেছিল। তারও আগে মার্চ মাসের শেষ দিকে একবার ওসি পরিবর্তন করা হয়েছিল। তখন গোয়েন্দা বিভাগের আধিকারিক উৎপল ঘোষকে কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এক মাসের মধ্যেই কমিশন তাঁকে সরিয়ে দেয় এবং তাঁর জায়গায় স্পেশ্যাল ব্রাঞ্চের গৌতম দাসকে নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়। গৌতমকে সাসপেন্ড করার পর কালীঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধায়কে। তিনি এর আগে উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি ছিলেন।