পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটগণনার আগে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। গণনায় যুক্ত কোনও কর্মীর মোবাইল নম্বর যাতে প্রকাশ্যে না আসে, সে বিষয়ে জেলা নির্বাচন আধিকারিকদের সতর্ক করা হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, কারও নম্বর বাইরে ছড়িয়ে পড়লে কঠোর পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন:
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী শুধুমাত্র পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসাররাই গণনাকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। অন্য কোনও কর্মী বা ব্যক্তির মোবাইল নিয়ে ভিতরে ঢোকার অনুমতি নেই।
তবুও অতিরিক্ত সতর্কতা হিসেবে গণনায় নিযুক্ত কর্মীদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার উপর বিশেষ জোর দিচ্ছে কমিশন। গণনার সময় নির্দিষ্ট নথিতে প্রতিটি রাউন্ডের ফল লিখে রাখা হবে। সেই দায়িত্বে থাকবেন গণনা সুপারভাইজ়র। উপস্থিত গণনা এজেন্টদের সামনে সেই তথ্য নথিভুক্ত করা হবে এবং তাঁদের সইও নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি টেবিলে থাকা মাইক্রো পর্যবেক্ষকদেরও আলাদাভাবে ফলাফলের হিসাব লিখে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে প্রতিটি গণনাকেন্দ্রের জন্য এক জন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। সব মিলিয়ে রাজ্যে মোট ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। তাঁদের মূল কাজ হবে গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার উপর নজর রাখা।
আরও পড়ুন:
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও পরিস্থিতিতেই পুলিশ পর্যবেক্ষকেরা গণনাকক্ষের ভিতরে প্রবেশ করতে পারবেন না। বাইরে থেকেই অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে তাঁদের কাজ করতে হবে। সোমবার রাজ্যের ২৯৩টি বিধানসভা আসনে ভোটগণনা হবে। ফলতা কেন্দ্রের গণনা এই তালিকার বাইরে রাখা হয়েছে।